সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, মামলার ঘটনায় তার ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, তাই তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর অনুরোধ জানান তিনি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু আদালতে বলেন, তদন্ত কর্মকর্তার আনা অভিযোগ, বিশেষ করে মিছিলের অর্থ জোগান দেওয়ার বিষয়টি ভিত্তিহীন। এর পক্ষে কোনো প্রমাণ বা স্লিপ নেই বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, আসামির দুইটি ছোট সন্তান রয়েছে এবং তিনি নরসিংদীতে থাকেন—এ অবস্থায় তার বিরুদ্ধে আনা অভিযোগ বাস্তবসম্মত নয়। সবকিছু বিবেচনায় তাকে জামিন দেওয়ার আবেদন জানান তিনি।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানিমূলক স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। সে সময় হাতেনাতে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজনকে গ্রেফতার করা হয়। যার কাছ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত প্লাস্টিকের ব্যাগ এবং ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়।
ওই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাত ৩০/৪০ জনের নামে বাদী হয়ে মামলা করেন।
আবেদন অনুযায়ী ঘটনার পর স্থানীয় তদন্ত ও গ্রেফতার আসামির জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে যে, সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ওই মিছিলের অর্থ জোগানদাতা ছিলেন। এজন্য তাকে এ মামলায় সুষ্ঠু তদন্তের জন্য গ্রেফতার দেখানো হোক।
তামান্না নুসরাত বুবলী বর্তমানে অন্য একটি মামলায় ডিএমপি তেজগাঁও থানার মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে জেলহাজতে রয়েছেন। তেজগাঁও থানায় দায়েরকৃত এ নাশকতার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুনরায় গ্রেফতার দেখানো প্রয়োজন।
কুশল/সাএ