শেরপুরে অনলাইন জুয়া ও মোবাইল ব্যাংকিংয়ে জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার (৪ মে) রাতে পৌর এলাকায় অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৫ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া।
কারবারি এরশাদ আলী শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া জানান, জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার আখের মামুদ বাজার থেকে মো. এরশাদ আলী (৩২) নামে এক অনলাইন জুয়ারিকে গ্রেফতার করে। তিনি অনলাইন জুয়া চক্রের একজন সদস্য। এরশাদ আলী দীর্ঘদিন ধরে মোবাইল অনলাইন জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছেন।
গ্রেফতার ব্যক্তি শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলাসহ বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনা করে আসছিলেন। অভিযানে তার কাছ থেকে অনলাইন জুয়ার অ্যাপসসহ একটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আর গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কুশল/সাএ