হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের নেওয়া ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, সম্ভাব্য চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরের সুযোগ তৈরি করতে সাময়িকভাবে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের আক্রমণাত্মক ধাপ শেষ হয়েছে। তিনি বলেন, বর্তমান প্রশাসন এখন একটি কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চায়, যাতে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা যায়।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলমান সামরিক কার্যক্রম সরাসরি যুদ্ধের অংশ নয় এবং এ ধরনের কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয় না।
এর আগে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছিল ইরান। ফলে সাম্প্রতিক এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মোড় এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা