বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে জলদস্যু আলিম ও নানাভাই বাহিনীর হাতে ২২ জেলে অপহৃত 

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে জলদস্যু ‘আলিম’ ডন ও ‘নানাভাই বাহিনী ২২ জেলেকে অপহৃত করেছে। চুনকুড়ি, মালঞ্চ নদী, চালতেবেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল থেকে রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যার মধ্যে এসব জেলেকে অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন, সিংহড়তলীর মোমনি ফকির (৩০), হরিনগরের মুর্শিদ আলম(৪০), ইসমাইল শেখ (২৮) ও আব্দুল করিম (৪৮), সেন্ট্রাল কালিনগরের আব্দুস সামাদ(৪০), কুলতলির মনোহর সরকার(৩৪), চুনকুড়ির আল মামুন(১৬), হুমায়ুন(২৬), মনিরুল(২৫), রবিউল(৩০) ও সঞ্জয়(৫২), বড় ভেটখালীর আল আমিন(৩৭, শাহাজান(৫০) ও আবুল বাসার বাবু(৩৫), কদমতলার রেজাউল (৩৫), দক্ষিন কদমতলার আব্দুস সালাম(৫৫) এবং ধুমঘাটের আবুল কালাম(৪০)।

অপহৃত জেলেদের মধ্যে পাঁচজনকে মুক্তিপণ পাঠানোর শর্তে ছেড়ে দিলেও এখনো ১৭ জেলেকে জলদস্যুরা জিম্মি করে রেখেছে।

ছেড়ে দেওয়া জেলেরা হলেন, কুলতলির ধ্রুব সরকার (৩৮), দক্ষিন কদমতলার হৃদয় মন্ডল (৫৩), হরিনগরের সবুর গাইন (৫০), সিংহড়তলীর সাইফুল ইসলাম (৩২) ও ইউনুস আলী(২৬)।

অপহৃতদের পরিবারের সদস্যরা এবং ফিরে আসা জেলেরা জানিয়েছেন, গত চার থেকে পাঁচদিন আগে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ও কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে তারা সুন্দরবনে যান। এক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে কদমতলা স্টেশনের আওতাধীন এলাকার বিভিন্ন খালে মাছ ও কাঁকড়া শিকারের সময় মুক্তিপণের দাবিতে ‘আলিম-ডন ওরফে আলিফ বাহিনী’ এবং ‘নানাভাই বাহিনীর’ সদস্যরা তাদের অন্তত ২৮ থেকে ৩০ সহযোগীকে অপহরণ করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে ২২ জনের নাম পরিচয় নিশ্চিত করেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে জিম্মি জেলেদের স্বজনরা জানান, এখনো পর্যন্ত জলদস্যুরা মুক্তিপণের কোনো অঙ্ক জানায়নি। হয়তো মোবাইলের নেটওয়ার্কের মধ্যে ফিরে তারা মুক্তিপণ দাবি করতে পারে।

এদিকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, একেবারে লোকালয়ের পাশ থেকে জলদস্যুরা জেলেদের তুলে নিয়ে যাচ্ছে। হরিনগর বাজার থেকে নৌ-পথে মাত্র ১০ থেকে ১২ মিনিট দূরত্বে থেকে তাদের কয়েকজনকে তুলে নিয়েছে নানাভাই ও আলিম বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে জলদস্যুরা একেবারে লোকালয়ের পার্শ্ববর্তী অংশ থেকে জেলেদের তুলে নিচ্ছে বলেও তাদের অভিযোগ।

এ ব্যাপারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, জেলেদের অপহরণের বিষয়ে এর মধ্যে তারা কোস্টগার্ডকে জানিয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, অপহরণের শিকার কোনো জেলে পরিবারের সদস্যরা এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, লোকমুখে বিষয়টি জানার পর এর মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।