সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জানিয়েছেন, দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে হাওরাঞ্চলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বর্তমান সরকার। কৃষকদের স্বার্থ রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে আছেন এবং সবসময় তাদের পাশে থাকবেন। সংসদ চলাকালীন সময়ে হাওরের কৃষকদের দুর্ভোগের কথা বলার পরই প্রধানমন্ত্রী তাকে কৃষকদের পাশে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।
বুধবার (৬ মে) বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে খাদ্য গুদাম প্রাঙ্গণে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হান্নান কামালের সঞ্চালনায় এমপি কামরুজ্জামান কামরুল বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ইতিমধ্যে তালিকা তৈরি করে সহায়তা করা হয়েছে এবং এই সহায়তার সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সরকারি সহায়তা থেকে কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বাদ না পড়ে।
এসময় তিনি সরকারি নির্দেশনা মেনে ধান সরবরাহ করে ধান সংগ্রহ কর্মসূচি সফল করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন। সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জামালগঞ্জ উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২,৩৭৩ টন, প্রতি কেজির দর ৩৬ টাকা এবং প্রতি মণ ১,৪৪০ টাকা। সিদ্ধ চাল ৩,৯৯২ টন, প্রতি কেজির দর ৪৯ টাকা এবং প্রতি মণ ১,৯৬০ টাকা। আতপ চাল ১,০০২ টন, প্রতি কেজির দর ৪৮ টাকা এবং প্রতি মণ ১,৯২০ টাকা।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী, শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, আহ্বায়ক শফিকুর রহমানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।