বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আইইউবিএটির সকল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন উদযাপন

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর সকল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি)-এর অধীন বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) কর্তৃক ওয়াশিংটন অ্যাকর্ডের আওতায় ছয় (৬) বছরের জন্য আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।

স্বীকৃতিপ্রাপ্ত প্রোগ্রামগুলো হলো- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারটি প্রোগ্রামই সফলভাবে এই স্বীকৃতি অর্জন করেছে, যা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই গৌরবময় অর্জন উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৫ মে ২০২৬) আইইউবিএটি ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ র‍্যালি, সাংস্কৃতিক পরিবেশনা, গান, নাচ ও আড্ডায় মুখরিত ছিল ক্যাম্পাস।

উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার ও পরিচালক (প্রশাসন) অধ্যাপক সেলিনা নার্গিস, কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান, আইইউবিএটি স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. উৎপল কান্তি দাস এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আলোচনা অনুষ্ঠান শেষে একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সঙ্গীত পরিবেশন করে, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে সংশ্লিষ্ট প্রোগ্রামগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশিপ অর্জন এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ক্ষেত্রে অধিক সুযোগ ও গ্রহণযোগ্যতা লাভ করবে। পাশাপাশি, নিয়মিত মূল্যায়নের মাধ্যমে কারিকুলাম ও শিক্ষাদানের মান আরও উন্নত হবে।

এছাড়া, ওয়াশিংটন অ্যাকর্ডভুক্ত এই স্বীকৃতি ভবিষ্যতে বৈশ্বিক কর্মসংস্থান ও পেশাগত স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর অধীন এই সংস্থাটি বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক প্রোগ্রাম মূল্যায়ন করে নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অ্যাক্রেডিটেশন প্রদান করে।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি অগ্রণী প্রতিষ্ঠান। প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. এম. আলিমউল্লাহ মিয়ানের হাত ধরে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি শুরু থেকেই একাডেমিক উৎকর্ষ, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।