নোয়াখালী সুবর্ণচর উপজেলায় শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আবুল খায়েরকে(৩৫) গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নোয়াখালী মাইজদী শহর থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ৷ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত আবুল খায়ের(৩৫) সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে ।
মামলা সূত্রে জানা যায়, গেল ১৬ এপ্রিল দুপুরে ভুক্তভোগীর বাবা মোহাম্মদ রহিমের শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ২২ ধারায় জবানবন্দী দেয় ওই মাদরাসা শিক্ষার্থী। পরে আদালত তার জবানবন্দীর ভিত্তিতে থানায় মামলা অর্ন্তভুক্তির নির্দেশ দেয় পুলিশকে।
পরবর্তীতে মামলা দায়েরকে কেন্দ্র করে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলাও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ফুটেজ। পরে ভুক্তভোগীর মা থানায় আরেকটি মামলা দায়ের করেন।
তবে ভাইরাল হওয়া প্রায় ৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি ছাত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে। এ সময় পরিবারের সদস্যদের আতঙ্ক ও কান্নাকাটি করতে দেখা যায়। হামলাকারীরা মামলাটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয় বলেও ভিডিওতে প্রতীয়মান হয়।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সুবর্ণচরের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একটি অভিযোগ দাখিল করলে পরে অভিযোগ ভিত্তিতে মামলা হলে সে মামলার সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রধান আসামী মাদ্রাসা শিক্ষক আবুল খায়েরকে গ্রেফতার করা হয়। তার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।