বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা করেছে সরকার। একই সঙ্গে সেখানে বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন এবং পাইলট তৈরির জন্য একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমানবাহিনীর প্রধান এসব তথ্য জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বগুড়াকে উত্তরবঙ্গের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক কার্গো সুবিধা নিশ্চিতের মাধ্যমে এ অঞ্চলের কৃষিপণ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের পণ্য সরাসরি বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা হবে। এলজিআরডি (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়) প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আন্তর্জাতিক মানের বিমানবন্দরের জন্য ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে দ্রুত ফিজিবিলিটি স্টাডি শুরু করা হবে।

তিনি আরও বলেন, বিমানবন্দর ও বিমানঘাঁটির জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বাজারমূল্যের তিনগুণ ক্ষতিপূরণ দেওয়া হবে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বগুড়ার কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। এ কারণে সেখানে একটি অত্যাধুনিক বিমানঘাঁটি স্থাপনের প্রাথমিক অনুমোদন সরকার দিয়েছে।
তিনি জানান, সরকার নতুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে এবং এসব আধুনিক যুদ্ধবিমান বগুড়া ঘাঁটিতে মোতায়েন করা হবে। এর মাধ্যমে দেশের আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতা আরও জোরদার হবে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশে দক্ষ বৈমানিকের চাহিদা পূরণে বগুড়ায় একটি উন্নত ফ্লাইং একাডেমি চালু করা হবে।

এখানে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের পাইলট তৈরি করা হবে, যা তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। স্থানীয় উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দ্রুততম সময়ে বাণিজ্যিক বিমান চালু করতে বেবিচককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।