রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করাসহ বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বর ও কনের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে অভিযান পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরী।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের মোঃ ছবেদ আলী ফকিরের মেয়ে স্থানীয় মাদ্রাসা পড়ুয়া ঋতুকে একই উপজেলার দাদশী ইউনিয়নের সিংড়া বাজার এলাকার কুদ্দুস সরদারের ছেলে মোঃ মোকছেদুল মোমিনের সাথে শুক্রবার বিকেলে বিয়ের আয়োজন করে। খানখানাপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেত্রী বিষয়টি জানতে পেরে জেলা কমাডেন্ট মোঃ জুয়েল রানাকে অবহিত করেন। পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরীকে অবগত করাসহ ওই বাড়ীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রহিম মিয়াকে পাঠান। তিনি সত্যতা পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরীকে অবগত করলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বর মোঃ মোকছেদুল মোমিনকে ৫হাজার টাকা জরিমানা করাসহ বর ও কনের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা গ্রহণ করেন। এসময় শহীদওহাবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিষয়টি সত্যতা জানিয়েছেন , রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরী। তিনি বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।