বগুড়ার আদমদীঘিতে অটোরিকশা, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মনোয়ার (৬২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার সান্তাহার-রাণীনগর সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রামভদ্রপুর গ্রাম থেকে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় রাফিয়া খাতুন, রাজিয়া সুলতানাসহ পাঁচজন যাত্রী নাটোরের নলডাঙায় যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭ টার দিকে সান্তাহার-রাণীনগর সড়কে ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশা চালক মনোয়ার মারা যান।
এ সময় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজনের মৃত্যু হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষ মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।