সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউডের কিংবদন্তি নায়ক আসলাম তালুকদার মান্না এবং কলিউড সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি। এক ফ্রেমে দুই প্রজন্মের দুই জনপ্রিয় মুখকে দেখার পর থেকেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে ছবিটি।
ভাইরাল সেই ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। দাবি করা হচ্ছে, প্রায় ২০ বছর আগে তোলা এই ছবি। তবে এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা তা নিয়ে তৈরি হয়েছে তা নিয়ে নেটপাড়ায় চলছে ধোঁয়াশা।
ভাইরাল হওয়া এ ছবি অনেকের মনে ব্যাপক কৌতূহল তৈরি করছে, আবার অনেকে ছবিটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। কিন্তু ছবির আসল রহস্য কী জানেন?
তথ্য বলছে, ২০০০ সালে চিত্রনায়ক মান্না ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জিকে নিয়ে কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। পরবর্তী সময়ে ভারতে বিজয় থালাপতিসহ অনেক তারকাদের সঙ্গে প্রয়াত মান্নার দেখা হয়। তবে যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি তখনকার সময়ে তোলা কি না তার সুনিদিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অনেকে মনে করছেন, এটি বাস্তবও হতে পারে। কারণ, মান্নার একাধিক সিনেমার পোস্ট-প্রোডাকশন কাজ হয়েছে ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে। ২০০৩ থেকে ২০০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ বা ‘বীর সৈনিক’-এর কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই সময় বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা যায়। সেই সূত্রেই মান্না-বিজয়ের দেখা হয়ে থাকতে পারে এমন ধারণা করছেন অনেকে।
এ প্রসঙ্গে সঠিক তথ্য জানতে প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলি মান্নার কাছে কিছু জানতে চাইলে তিনি বলেন, “অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। তবে বিজয়ের সঙ্গে তার দেখা হতেও পারে। প্রায় তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে ও কাজে যেত।”
নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ অবশ্য দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি।
এদিকে ছবি শনাক্তকারী ওয়েবসাইড সাইটইঞ্জিন বলছে, মান্না ও থালাপতি বিজয়ে ছবিটি ৩ শতাংশ এআই দিয়ে তৈরি। অর্থাৎ ছবিটি বাস্তব ক্যামেরায় তোলা। জিরোজেপিটি বলছে, ছবিটির ৫১ শতাংশ মৌলিক। পুরোনো ছবি হওয়ায় এতে আলো ও অন্য কিছু কাজ হয়েছে।
নেটিজেনদের একাংশের দাবি, ছবিটি বাস্তব ক্যামেরায় তোলা। ছবিতে ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ অথবা কাজী মারুফ। আধুনিক এআই প্রযুক্তির সাহায্যে চিত্রনায়ক বাপ্পারাজ অথবা কাজী মারুফের ছবির মধ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে থালাপতি বিজয়ের মুখ বসিয়ে দেয়া হয়েছে।
ভাইরাল ছবিটি আসল হোক কিংবা এআই প্রযুক্তি দিয়ে তৈরি হোক এটি ভক্তদের আবেগী করে তুলেছে মান্নার পুরনো স্মৃতিতে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, মান্না ও থালাপতি বিজয় দুজনেই গণমানুষের নায়ক যারা নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছেন।