ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন।
রবিবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগের তথ্য জানানো হয়।
রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রচলিত শর্তে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এই পদের জন্য তিনি বিধি মোতাবেক সকল ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
চিঠিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ক বিধি-বিধান অনুযায়ী তাকে এই দায়িত্ব পালন করতে হবে। একইসাথে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় অফিসে যোগদানপত্র প্রেরণ করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, রবিবার (৫ অক্টোবর) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
কুশল/সাএ