পঞ্চগড়ে ঢাকা আহছানিয়া মিশনের প্রতিষ্ঠান ‘ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট’ (ডিএফইডি)-এর ঋণ কার্যক্রম নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। ডিএফইডি কর্তৃপক্ষ দাবি করেছে, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা।
গত ১০ মে ২০২৬ তারিখে ডিএফইডি-র প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার সাহিদুল কবীর স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই দাবি জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ঢাকা আহছানিয়া মিশন একটি আন্তর্জাতিক মানের অলাভজনক উন্নয়ন সংস্থা, যা কয়েক দশক ধরে প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রতিটি ঋণ কার্যক্রম সরকারি নিয়ন্ত্রক সংস্থা Microcredit Regulatory Authority (MRA)-এর কঠোর নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়। পঞ্চগড় অঞ্চলের কার্যক্রমও এর ব্যতিক্রম নয়। নিয়মিত নিরীক্ষা এবং মাঠ পর্যায়ের নিবিড় তদারকির মাধ্যমে প্রতিটি লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।
সংবাদে উল্লিখিত ‘জালিয়াতি’ বা ‘গ্রাহকদের হুমকির মুখে পড়া’ সংক্রান্ত দাবিগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে সংস্থাটি জানায়:
প্রতিটি গ্রাহককে ঋণ প্রদানের সময় প্রাতিষ্ঠানিক পাশবই প্রদান করা হয়।
সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি কিস্তির হিসাব নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়।
যদি কোনো নির্দিষ্ট কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তবে ডিএফইডি তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। তবে সামগ্রিক কার্যক্রমকে ‘জালিয়াতি’ হিসেবে আখ্যায়িত করা উদ্দেশ্যপ্রণোদিত।
গ্রাহকদের কিস্তি আদায়ে মামলার হুমকি বা ভীতি প্রদর্শনের অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটি জানিয়েছে, ডিএফইডি ঋণ পরিচালনার ক্ষেত্রে সব সময় গ্রাহকবান্ধব নীতিমালা অনুসরণ করে। কিস্তি আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর-জবরদস্তি বা বিধি-বহির্ভূত পদ্ধতি অবলম্বন করা সংস্থার নীতিবিরুদ্ধ। এখানে গ্রাহকদের ভয়ভীতি দেখানোর কোনো সুযোগ বা অবকাশ নেই।
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, ডিএফইডি মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শকে ধারণ করে আর্তমানবতার সেবায় নিয়োজিত। পঞ্চগড়ের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রকাশিত সংবাদটির মাধ্যমে জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠানটি তার তীব্র নিন্দা জানিয়েছে। একই সাথে ভবিষ্যতে সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থা কর্তৃপক্ষ।