চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। গত রোববার লস ব্লাঙ্কোসদের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে তিন ম্যাচ বাকি থাকতেই তাদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়। এরপর নিয়মমাফিক দর্শকদের স্রোতে ছাদখোলা বাসে কাতালান ফুটবলাররা উদযাপনে মেতেছেন। যেখানে হাজির হয়েছিলেন সাড়ে লাখ ফুটবলভক্ত। আর আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, লা লিগায় জয়ের পর সোমবার বার্সেলোনার বিজয় শোভাযাত্রায় প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন। ব্লুগ্রানা ক্লাবটির ২৯তম লিগ শিরোপা উদযাপন করতে খোলা বাসে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ফুটবলাররা। যেখানে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে নাড়াতে দেখা যায়। একপর্যায়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে লেখা একটি জার্সি তুলে ধরেন তিনি।
ভক্তদের সঙ্গে নিয়ে শিরোপা উদযাপনের বিষয়ে বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা আবারও বার্সার প্রতি নিজেদের আবেগের প্রদর্শনী দেখিয়েছে। ব্লুগ্রানা সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল শহরের রাস্তাগুলো। এই দলটি ইতিহাসে একের পর এক সাফল্যের অধ্যায় লিখে চলেছে এবং নিজেদের মানুষের মাঝে থেকেই নতুন শিরোপা উদযাপন করেছে।’
বার্সেলোনার রাস্তায় ক্লাবটির বিজয় শোভাযাত্রার সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর একটি ছিল তারকা ফরোয়ার্ড ইয়ামালের হাতে উড়ন্ত ফিলিস্তিনি পতাকা। অনেকেই এটিকে ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারের প্রতি সমর্থনের প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। ওই দৃশ্য দ্রুততম সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে সমর্থকদের মধ্যে।

এ ছাড়া শোভাযাত্রার একপর্যায়ে একটি জার্সি সবার সামনে উঁচু করে ধরেন ইয়ামাল। যাতে লেখা– ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি মাদ্রিদিস্তা (রিয়াল মাদ্রিদের সমর্থক নই)।’ মূলত বার্সা সমর্থকরা যখন শিরোপা উৎসব করছে, তখন সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি রিয়াল ভক্তদের। মাদ্রিদের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বার্সা। যা লিগ শেষেও আর পুষিয়ে নেওয়ার সুযোগ নেই রিয়ালের সামনে।
সালাউদ্দিন/সাএ