মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে টানা ৫ দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তর শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটির পাশাপাশি পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া বুধবার (১৩ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

বৃহস্পতিবার (১৪ মে) থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

এরপর শুক্রবার (১৫ মে) ও শনিবার (১৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন পর দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কিছুদিন স্থায়ী হতে পারে। বৃষ্টির সময় বজ্রপাত ও তীব্র দমকা হাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।