বোনের বাড়ি থেকে ফেরার পথে আর বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের। ফেনীর লালপোলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্স চালক নুর আলম ও তার ছেলে নুর হাসনাত নিরব। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার খবরে সোনাগাজীর রাজাপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর হাজী শফিউল্লাহ বাড়ির মৃত নুরুল হুদার ছেলে নুর আলম (৪৫) এবং তার ছেলে নুর হাসনাত নিরব (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে নুর আলম, তার ছেলে নুর হাসনাত নিরব ও ভাগিনা আফজাল হোসেন মিঠু (২৫) বাড়ি ফিরছিলেন। পথে নিউ দাউদকান্দি এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নুর আলম ও তার ছেলে নিরব নিহত হন। গুরুতর আহত অবস্থায় আফজাল হোসেন মিঠুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নুর আলমের চাচা ও সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন জানান, নুর আলম ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন। সকালে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।
বর্তমানে নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাজাপুর এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা লালপোল এলাকায় বারবার ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কুশল/সাএ