
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ‘থালাপতি’ বিজয়
আস্থাভোটে রাজ্যের পার্লামেন্টে জিতে গেলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ‘থালাপতি’ বিজয়। আপাতত নিরাপদ তিনি। শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পরই তিনি আস্থাভোটের মুখে পড়েন।
এই সুপারস্টার অভিনেতা গত মাসের নির্বাচনে নিজের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)’কে জয়ী করে রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন। তিনি বুধবার এক নাটকীয় আস্থা ভোটের মুখে জয়ী হন।
এর মধ্য দিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চিত হলেন বিজয়। তাকে সমর্থন করে ভোট দিয়েছেন ১৪৪ জন বিধায়ক। ২২ জন বিপক্ষে ভোট দিয়েছেন এবং ৫ জন নিরপেক্ষ থেকেছেন।
এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দল দ্রাবিড় মুনেত্রা কাজাগম (ডিএমকে) তাদের ৫৯ জন বিধায়কসহ সভা থেকে ওয়াকআউট করে।
তৃতীয় বৃহত্তম দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগম (এআইডিএমকে)-এর ৪৭ জন বিধায়ক ভোটদান থেকে বিরত থাকেন।
ফলাফল ঘোষণার পর বিজয় বলেন, হুইসেল (টিভিকে-এর নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা নিজেদেরকে সংখ্যালঘু সরকার বলব। এটা এমন একটি সরকার, যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।
যদিও ভোটে সিদ্ধান্ত হয়ে গেছে, সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো এআইডিএমকে শিবিরের ভাঙন। তাদের ২৫ জন বিধায়ক দলের প্রধান এডাপ্পাদি কে. পালানিস্বামীর নির্দেশ অমান্য করে বিজয় ও টিভিকের পক্ষে ভোট দেন। এতে দলের ভেতরের গভীর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে, যা তামিলনাড়ুর দুই প্রধান দ্রাবিড় রাজনৈতিক শক্তির একটিকে বড় সংকটে ফেলতে পারে।