পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে কুরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
ঘোষিত দর অনুযায়ী, রাজধানী ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম রাখা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।
এ ছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকারিভাবে সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তরের পর চামড়া খাতে এক ধরনের সংকট তৈরি হয়েছে। সাভারের সব কারখানা পুরোপুরি চালু না হওয়ায় চামড়ার বাজার প্রত্যাশিতভাবে এগোতে পারেনি।
তিনি আরও জানান, ভবিষ্যতে চামড়া শিল্পকে সম্ভাবনাময় খাতে রূপ দিতে সাভারের সিইটিপি সংস্কার করা হবে। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় ইটিপি স্থাপন করবে। অন্য প্রতিষ্ঠানগুলোকে গ্রুপভিত্তিক আর্থিক সহায়তা দিয়ে সিইটিপির আওতায় আনার পরিকল্পনাও সরকারের রয়েছে।
চলতি বছর কুরবানির চামড়ার যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক তদারকি দল এবং সংসদ সদস্যরাও সমন্বিতভাবে কাজ করবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।