পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) দেশটির সুপ্রিম কোর্ট এ আহ্বান জানায়।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী রোববার (১৭ মে) ইসলামি দেশগুলোতে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের মাধ্যমে এবং মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা ও আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে হিসেবে আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত বুধবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতও ১৭ মে জিলহজের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল। দেশটির ফতোয়া কাউন্সিল জানায়, বিভিন্ন জাতীয় মানমন্দির ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই দেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।