র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন বা নতুন কোনো এলিট ফোর্স গঠনের বিষয় সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা এলাকায় র্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে। তিনি বলেন, “কোনো কর্মকর্তা অপরাধ করলে তা তার ব্যক্তিগত দায়, পুরো বাহিনীর নয়। অপরাধীদের আইন অনুযায়ী দণ্ডিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিগত সরকার র্যাবকে দলীয় কাজে ব্যবহার করেছে। আমরা চিন্তা করছি, নতুন কোনো এলিট ফোর্স গঠন করা যায় কি না, অথবা র্যাবকে পরিবর্তন করা যায় কি না। প্রয়োজনে দেশ র্যাবকে নতুন রূপে দেখতে পাবে।”
মন্ত্রী জানান, র্যাবের কাঠামো বা নাম পরিবর্তন করা হলে আন্তর্জাতিক অঙ্গনে বাহিনীটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সরকার মনে করছে।
কুশল/সাএ