গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হওয়া একদল গরু ব্যবসায়ী গাজীপুরের নাওজোর এলাকায় ডাকাতের কবলে পড়েছেন।
রোববার (১৭ মে) ভোররাতে সাড়ে চারটার দিকে গাজীপুরের নাওজর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর এঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, গাইবান্ধার বরাতখালী গরুর হাট থেকে গরু কিনে পিকআপে বোঝাই করে তারা ফতুল্লার দিকে যাচ্ছিলেন। রোববার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে একটি হাইয়েজ গাড়ি তাদের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্রধারী ডাকাতরা গরু ব্যবসায়ী ও পিকআপচালককে আহত করে মারধর করে। পরে তাদের হাত-পা বেঁধে পাশের জঙ্গলে ফেলে রেখে পিকআপভর্তি আটটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা জানান, আমরা গরু নিয়ে ফতুল্লার দিকে যাচ্ছিলাম। নাওজোর এলাকায় একটি গাড়ি সামনে এসে আমাদের পথরোধ করে। পরে কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে গুরুতর আহত করে গরুগুলো নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় কালিয়াকৈর থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর জানান, ঘটনাটি যদিও আমাদের এলাকার মধ্যে না। কিন্তু তাৎক্ষণিক মানবিক বিবেচনায় আমরা এগিয়ে আসি এবং তাদের অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালানো হয়। পরে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় তাসলিমা গোস্ত বিতান থেকে সাতটি জীবিত গরু এবং একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করে চার জনকে আটক করা হয়। যেহেতু ডাকাতির ঘটনাস্থল জিএমপি বাসন থানা এলাকায়। তাই জিএমপি বাসন থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। পরে উদ্ধার গরুগুলো সহ আটককৃতদের তাদের কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শিবলু বলেন, আটককৃতদের থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুশল/সাএ