মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমরা ভারত, আমেরিকা বা চায়নার পক্ষে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা ভারতের পক্ষেও না, আমেরিকার পক্ষেও না, চীনের পক্ষেও না—আমরা শুধু বাংলাদেশের পক্ষেই আছি।” মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার ও রাষ্ট্র সীমান্তের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার অভিযোগ অনুযায়ী, “সরকার নিরাপত্তা দেয় সন্ত্রাসীদের। যে যত বড় সন্ত্রাসী বা চাঁদাবাজ, তাকে তত বেশি নিরাপত্তা দেওয়া হয়। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সরকার কার্যত সাপ পোষে।”

তিনি আরও বলেন, সীমান্তের মানুষদের যথাযথ নিরাপত্তা দিলে ভারতের পক্ষে এভাবে বাংলাদেশের নাগরিকদের “পাখির মতো” হত্যা করা সম্ভব হতো না। তার দাবি, শান্তিকালীন সময়েও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সীমান্ত হত্যা বাংলাদেশে ঘটছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে নাসীরুদ্দিন জোর দিয়ে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও আধুনিক ও শক্তিশালী করতে হবে। বিজিবিকে শক্তিশালী করতে পারলে ভারত থেকে যেমন অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা যাবে, তেমনি বর্ডারে বাংলাদেশিদের নির্মম হত্যাযজ্ঞও রুখে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও আরও শক্তিশালী করার তাগিদ দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিশ্রুতি দিয়ে বলেন, এনসিপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে একটি শক্তিশালী ও স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করবে। একই সঙ্গে এমন কঠোর আইন তৈরি করা হবে, যাতে কোনোভাবেই ভারত বাংলাদেশের নাগরিকদের ওপর নির্যাতন চালাতে না পারে।

এদিকে গত ১৪ মে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল এলাকার আমজাদ হোসেনের মানসিক ভারসাম্যহীন ছেলে খাদেমুল ইসলাম (২৫) রাতে নদীতে মাছ ধরতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

নিহত খাদিমুলের মা লায়লী বেগম কান্নাজড়িত কণ্ঠে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। মঙ্গলবার নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার ও সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।