রাজধানীতে পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে চিকিৎসা নেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা রাজধানীর পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ ও বংশাল ছাড়াও সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমণ্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, গরুর লাথি ও শিংয়ের গুঁতা খেয়ে এবং মাংস কোপাতে গিয়ে নিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগাসহ নানাভাবে আহত হয়েছেন তারা।
কুশল/সাএ