আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করার পর থেকেই তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
যদিও ইন্টার মায়ামি জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় বড় কোনো ইনজুরি ধরা পড়েনি। তবে আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপের আগে মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিতে পারছেন না।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৭৩তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। পেশিতে অস্বস্তির কারণে ম্যাচটি শেষ করতে না পারায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
স্কালোনি বলেন, প্রাথমিক রিপোর্ট খুব বেশি খারাপ নয়। তবে পরবর্তী পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। তিনি জানান, শুধু মেসি নন, দলের আরও কয়েকজন ফুটবলার চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসিকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে স্কালোনি বলেন, খেলোয়াড়দের দ্রুত সুস্থ করে তোলাই এখন দলের প্রধান লক্ষ্য।
এখন দেখার বিষয়, সময়মতো পুরোপুরি ফিট হয়ে মেসি বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে পারেন কি না।