বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুন) সকালে মালভিয়া নগরের হাউজ রানি এলাকার পাঁচতলা ভবনে অবস্থিত ফ্লোরিশ স্টে হোটেলের বেজমেন্টে থাকা একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের মিকাসা ইন হোটেলেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে দমকল বিভাগের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।

পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসার জন্য দিল্লিতে এসেছিলেন এবং কাছাকাছি অবস্থিত ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের সুবিধার কারণে হোটেলটিতে উঠেছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে ভবনের ওপরের তলা থেকে কয়েকজন নিচে লাফিয়ে পড়ছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, হোটেলটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য মাত্র একটি পথ ছিল, যা উদ্ধারকাজকে জটিল করে তোলে।

হোটেলের রেস্তোরাঁর শেফ কেসার সিং জানান, সকাল ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করার চেষ্টা করলে হঠাৎ আগুনের শিখা দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন যে পুরো ভবন আগুনে গ্রাস হয়ে গেছে। পরে তিনি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

এদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দমকল বিভাগ, পুলিশ, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স সেবার দ্রুত তৎপরতায় বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।