সোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাফ নদীতে সশস্ত্র রোহিঙ্গাদের তান্ডব, গুলি করে ডুবিয়ে দিল নৌকা

ঢাকা ইনফো২৪
জুন ১, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ধীরে ধীরে পরিণত হচ্ছে এক অঘোষিত যুদ্ধক্ষেত্রে। মিয়ানমারের দিক থেকে আসা সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা এবার সরাসরি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণ করেছে, ইয়াবার চালান ছিনিয়ে নিয়েছে এবং একটি নৌকা ডুবিয়ে দিয়েছে বলে জানা গেছে। শত শত মানুষের চোখের সামনে সংঘটিত এ ঘটনা সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

গত শনিবার (৩০ মে) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের সুলিশপাড়া সীমান্তসংলগ্ন নাফ নদীতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমার সীমান্তের ওপার থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিনজন সশস্ত্র ব্যক্তি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। তাদের হাতে ছিল একে-৪৭ সদৃশ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। নদীর মাঝখানে একটি নৌকাকে লক্ষ্য করে তারা ধাওয়া শুরু করে এবং একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। প্রাণভয়ে নৌকায় থাকা দুই ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে নিজেদের রক্ষা করেন। এরপর অস্ত্রধারীরা নৌকাটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

স্থানীয়দের দাবি, নৌকায় থাকা ইয়াবার চালান, মাছ ধরার জাল ও অন্যান্য মালামাল লুট করার পর সেটিকে মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

ঈদ উপলক্ষে বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসা শত শত মানুষ কাছ থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান বেপরোয়া উপস্থিতির এই দৃশ্য দ্রুত দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশ গজ দূরে বিজিবির উপস্থিতি ছিল, কিন্তু প্রথমদিকে কার্যকর কোনো প্রতিরোধ দেখা যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত জনতার একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে গুলির শব্দ শুনে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নদীতে ভাসতে থাকা দুই রোহিঙ্গাকে উদ্ধার করে আটক করে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের নৌকাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিও ছোড়া হয়। তবে ততক্ষণে তারা মিয়ানমারের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।

রাতে বিজিবি-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক দুই রোহিঙ্গা ইয়াবা আনার উদ্দেশ্যে নদীপথে গিয়েছিল। প্রতিদ্বন্দ্বী একটি রোহিঙ্গা ডাকাত দল সেই ইয়াবার চালান ছিনিয়ে নিতে হামলা চালায়।

আটককৃতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেন (২৫) ও নুরুল আমিন (২৩)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা হুমায়ুন রশিদ বলেন, ‘নাফ নদীতে রোহিঙ্গা ডাকাত ও মাদককারবারিদের তৎপরতা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। এখন তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়ছে। কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘প্রকাশ্য দিবালোকে এমন সশস্ত্র হামলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য স্থানীয়দের ইতিমধ্যে সতর্ক করা হয়েছে।’



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।