সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী এ প্রবীণ রাজনীতিক বেশ কিছুদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।
উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। তবে পরে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নাকচ করে জানান, তিনি তখনও চিকিৎসাধীন ছিলেন।
তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্থান ঘটিয়ে তিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
কুশল/সাএ