কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ এসিড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশনে অবস্থিত আলছমি মার্কেটে অভিযান চালানো হয়। সেখানে আক্তার হোসেন (৩২) নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকানে তল্লাশি চালিয়ে ১০০টি জেরিকেনে সংরক্ষিত প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়।
অভিযানকালে আক্তার হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে দোকানটি তালাবদ্ধ করে স্থানীয় ইউপি সদস্য নুরুল হক ও গ্রাম পুলিশ সদস্য হোছন আহমদের জিম্মায় রাখা হয়েছে। এ ছাড়া ৩০ লিটারের একটি কন্টেইনার নমুনা হিসেবে থানায় নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষার জন্য।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে এসিড এনে গোপনে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন কৌশল ও যানবাহন ব্যবহার করে এই পাচার কার্যক্রম পরিচালনা করছিল বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের নজর এড়াতে তারা নিয়মিত পদ্ধতি পরিবর্তন করত বলেও অভিযোগ রয়েছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এসিড মিয়ানমারে পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল। এর আগেও এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) শুভ পাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসিড জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
