Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গণপরিবহন ভাড়া মওকুফ করল অস্ট্রেলিয়া

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইরান যুদ্ধের জের ধরে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া মওকুফ করা হয়েছে। ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্যে অস্থায়ীভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

হরমুজ প্রণালী দিয়ে অঞ্চলের প্রায় ৮০ শতাংশ জ্বালানি পরিবাহিত হয়। ইরান যুদ্ধ শুরুর পর থেকে প্রণালিটিতে তেল পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে অস্ট্রেলিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানির দাম দ্রুত বেড়েছে। যুদ্ধ শুরুর আগে অস্ট্রেলিয়ায় প্রতি লিটার পেট্রোলের দাম ছিল গড়ে ১ দশমিক ৭০ ডলার। বর্তমানে তা কিছু জায়গায় প্রায় আড়াই ডলারে পৌঁছেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ভিক্টোরিয়ায় যাত্রীরা ৩১ মার্চ থেকে এক মাসের জন্য ট্রেন, ট্রাম ও বাসে বিনা ভাড়ায় চলাচল করতে পারবেন। এটি একটি ‘অস্থায়ী ব্যবস্থা’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে বাড়তি পেট্রোল খরচের চাপ কিছুটা কমানো যায়।

অন্যদিকে তাসমানিয়ায় ৩০ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত বাস ও ফেরির ভাড়া মওকুফ করা হয়েছে।

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্টা অ্যালান বলেছেন, বিনামূল্যে গণপরিবহন চালু করায় মানুষ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করতে উৎসাহিত হবে। তিনি বলেন, ‘এটি জীবনযাত্রার ব্যয় কমাতে একটি অস্থায়ী পদক্ষেপ। এটি জ্বালানির খরচের চাপ কমাবে এবং মানুষকে কিছু সঞ্চয় করতে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘এটি সব সমস্যার সমাধান নয়, তবে বর্তমান পরিস্থিতিতে ভিক্টোরিয়াবাসীর জন্য তাৎক্ষণিক সহায়তা দেবে। পাশাপাশি আমরা রাজ্যকে আরও সাশ্রয়ী করতে নতুন সমাধান নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।’

তাসমানিয়ার প্রিমিয়ার জেরেমি রকলিফ জানান, জ্বালানির উচ্চমূল্যের কারণে মানুষ ক্রমেই ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন বেছে নিচ্ছে। গত এক সপ্তাহে যাত্রীসংখ্যা ২০ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, ‘আমরা জানি জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পরিবারের বাজেটে পড়ছে। তাই তাসমানিয়াবাসীদের সুরক্ষায় আমরা শক্ত ও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মানুষ যখন সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছে, তখন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। এটি রাজ্যের অন্যতম বড় জীবনযাত্রা সহায়ক উদ্যোগ।’

এদিকে সারা অস্ট্রেলিয়ায় আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার কারণে কিছু জ্বালানি স্টেশন খালি হয়ে গেছে। বিশেষ করে দুর্গম অঞ্চলে সংকট বেশি দেখা যাচ্ছে। এ ছাড়া গ্রামীণ সরবরাহ ব্যবস্থা, খনি ও কৃষি খাতে প্রভাব কমাতে দেশটি নিজস্ব মজুত থেকে পেট্রোল ও ডিজেল সরবরাহ শুরু করেছে।

সূত্র: স্কাই নিউজ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।