বরগুনার পাথরঘাটায় যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের একটি যৌথ দল উপজেলার সদর ইউনিয়নের বাদুড়তলা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে একটি প্লাটিনা মোটরসাইকেল, মাদক পরিমাপে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিন এবং নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— মো. ইলিয়াস হোসেন দুলু (২৫), পিতা মৃত ইসমাইল খান, গ্রাম হাড়িটানা এবং মো. রেজাউল (২০), পিতা মো. হাবিব মোল্লা, গ্রাম পশ্চিম বাদুড়তলা। তারা উভয়েই পাথরঘাটা সদর ইউনিয়নের বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
কুশল/সাএ
