Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস-২০২৬’ শীর্ষক এক কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে ওই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এসময় ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস গড়ার আহ্বান জানায় ঢাবি উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ-এই চেতনা থেকেই আমাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জীবনে পরিচ্ছন্নতার চর্চা করতে হবে। তিনি বলেন, আমরা নিজের শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখতে যতটা সচেতন, তেমনি আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে মানুষের আচরণগত সচেতনতা এবং নিয়ম মেনে চলার সংস্কৃতি আমাদের জন্য অনুকরণীয়। সেখানে মানুষ যত্রতত্র ময়লা ফেলে না; বরং নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অপেক্ষা করে। এই মানসিকতা আমাদের মধ্যেও গড়ে তুলতে হবে।

উপাচার্য বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ কেবল দৃষ্টিকটু নয়, এটি বিভিন্ন রোগব্যাধিরও কারণ। ধুলাবালি ও দূষণের কারণে শারীরিক নানা সমস্যা সৃষ্টি হয়। তাই সুস্থ জীবন নিশ্চিত করতে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য।

তিনি আরও বলেন, গাছপালা পরিবেশকে শীতল ও বিশুদ্ধ রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুলনামূলকভাবে বেশি গাছপালা থাকায় এখানে একটি স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করে। এই পরিবেশ রক্ষা ও আরও উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উপাচার্য আশা প্রকাশ করেন, এ কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সারা বছরব্যাপী চলমান থাকবে। তিনি ক্যাম্পাসে ময়লা-আবর্জনা ফেলা, উন্মুক্ত স্থানে বর্জ্য নিক্ষেপ এবং অস্বাস্থ্যকর আচরণ পরিহারের আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টার। আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ (ইঝঊজও) এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন, বাংলাদেশ। অনুষ্ঠান শেষে উপাচার্য ও অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।