সুনামগঞ্জে আধুনিক, বিষমুক্ত এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘পার্টনার’ (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবীদ মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, বর্তমান সরকার নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষির বাণিজ্যিকীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের লক্ষ্য কেবল স্থানীয় চাহিদা পূরণ নয় বরং জলবায়ু সহিষ্ণু ফসলের উৎপাদন বাড়িয়ে এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করে তা বিদেশে রপ্তানি করা। এতে কৃষক ফসলের ন্যায্য দাম পাবেন এবং দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে।
বক্তারা জানান, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা (GAP), আধুনিক সেচ প্রযুক্তি এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এই কংগ্রেসের মাধ্যমে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন নতুন উদ্ভাবনী চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবীদ নাজমুল কবীর, অতিরিক্ত উপপরিচালক (ডিইও), খামারবাড়ি, সুনামগঞ্জ, সারোয়ার আলম, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলীরাজ ও ইমরান হোসেন, ওয়ার্ল্ড ভিশন এনজিওর প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রাবর্তী এবং কৃষক প্রতিনিধি আমেনা বেগম। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই কংগ্রেসে অংশগ্রহণ করেন।
কংগ্রেসে উপস্থিত বিশেষজ্ঞগণ আধুনিক কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন। তারা বলেন, পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে হাওরবেষ্টিত এই অঞ্চলে বিশেষায়িত কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে জৈব বালাইনাশক ও আধুনিক চাষ পদ্ধতির ব্যাপক প্রচারের ওপর জোর দেওয়া হয়।
