Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের বড় পরিকল্পনা 

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিয়ে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি।

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫’, ‘নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগ সহজীকরণ’ এবং ‘নবায়নযোগ্য জ্বালানির প্রসার’ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগের পথ সুগম করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি জমির পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের বড় পরিসরে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। বিদ্যমান নীতিমালাকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে তা পর্যালোচনা করা হয়েছে, যাতে উদ্যোক্তারা সহজে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।

তিনি আরও জানান, এ লক্ষ্যে একটি কমিটির খসড়া প্রস্তুত করা হয়েছে। কমিটি অনুমোদন পেলে দ্রুত প্রয়োজনীয় আইন ও নীতিমালা চূড়ান্ত করে কাজ শুরু করবে।

সৌরবিদ্যুতের পাশাপাশি বায়ুশক্তি ও বায়োগ্যাস নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র সৌরবিদ্যুতের জন্য।

বর্তমান সোলার প্রযুক্তির সীমাবদ্ধতা কাটিয়ে এটিকে আরও আধুনিক ও টেকসই করতে দেশীয় উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে, মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনরায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনটি ‘ক-শ্রেণি’ দিবস হিসেবে পালিত হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে। পাশাপাশি প্রতি বছরের ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হবে, যা ‘খ-শ্রেণি’ দিবস হিসেবে বিবেচিত হবে—এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সৌরবিদ্যুতের উৎপাদন খরচ ইউনিটপ্রতি ৪ থেকে ৮ টাকার মধ্যে রাখার লক্ষ্য নিয়ে কাজ চলছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।