Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নেতানিয়াহুকে মার্কিন কলেজে ‘বোমা ফেলার’ আহ্বান, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে নিজের কলেজে ‘বোমা ফেলার’ আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থী। নিছক ‘মজা’ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া ওই বার্তাকে সম্ভাব্য হুমকি হিসেবে ধরে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত কলেজে পরীক্ষার চাপ নিয়েই এমন মজা করেছিলেন ওই শিক্ষার্থী। আর সেই মজা থেকে কলেজে বোমা ফেলার আহ্বান জানানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ করে তার কলেজে ‘বোমা ফেলতে’ বলেছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী পুলিশকে জানিয়েছেন, কেবল মজা করেই এটা বলেছিলেন তিনি। তবে ফ্লোরিডার স্কুল-সম্পর্কিত হুমকি সংক্রান্ত আইনের আওতায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুলিশ বিভাগ জানায়, ২০ বছর বয়সী শিক্ষার্থী গ্যাব্রিয়েলা সালদানাকে মিয়ামির প্রধান ক্যাম্পাসের কাছ থেকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হয়। অন্য শিক্ষার্থীরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তার পাঠানো বার্তার বিষয়ে অভিযোগ করার পর তাকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটে।

এনবিসি মিয়ামির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়— তিনি গত ১০ এপ্রিল শুক্রবার নির্ধারিত একটি অনুষ্ঠানের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘মানুষকে হত্যা বা শারীরিক ক্ষতির হুমকি’ দেন। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি এমনভাবে এই বার্তা পাঠান যাতে অন্যরা তা দেখতে পারে এবং সেটিকে প্রকৃত হুমকি হিসেবে বিবেচনা করা যেতে পারে।

প্রায় ২১৫ জন শিক্ষার্থী থাকা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি বার্তাটি পাঠান। তখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠান নিয়ে আলোচনা করছিলেন। সালদানার বার্তায় লেখা ছিল: ‘নেতানিয়াহু, দয়া করে এফআইইউতে বোমা ফেলবেন? আগামী সপ্তাহে পরীক্ষা, আমি প্রস্তুত নই।’

এরপর তিনি আরও বলেন, ‘ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে একটি বোমা পড়বে এবং এর জন্য জনাথন দায়ী থাকবে।’

আদালতে হাজির হওয়ার পর বিচারক মিন্দি গ্লেজার বলেন, ‘আপনি এটি মজা হিসেবে বলেছেন— আমি সেটা বুঝতে পারছি। কিন্তু একজন নিরপেক্ষ ব্যক্তির কাছে এটি মোটেও মজা নয়, এবং এটি সন্দেহের পর্যাপ্ত ভিত্তি তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘এটি অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট কি না, তা আমি এখন বলছি না। বিচারপর্বে রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে পারবে কি না, সেটিও নিশ্চিত নয়। তবে এই শুনানির জন্য প্রাথমিকভাবে যথেষ্ট ভিত্তি রয়েছে বলে আমি মনে করি।’

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত শিক্ষার্থী গ্যাব্রিয়েলা সালদানার জামিন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ডলার।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।