ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে এবং সেবার মান উন্নয়নে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) উপজেলা পর্যায়ে আয়োজিত এসব সভায় হাসপাতাল মালিক-পরিচালক এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাহাত চৌধুরী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ মাহমুদ জয় উপস্থিত থেকে বিভিন্ন অনিয়ম রোধ ও সেবার মানোন্নয়নে একাধিক দিকনির্দেশনা দেন। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— হাসপাতাল প্রাঙ্গণ দালালমুক্ত রাখা, সরকার নির্ধারিত সময়ের বাইরে ঔষধ প্রতিনিধিদের হাসপাতালে অবস্থান না করা এবং অনুমতি ছাড়া ছবি তোলা থেকে বিরত থাকা। এছাড়া সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া এমএ/ডিআর নম্বর ছাড়া কোনো ওষুধ প্রেসক্রিপশনে না লেখার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে বিএমডিসি/বিএনসিসি অনুমোদিত মানদণ্ড অনুসারে মেডিকেল অফিসার ও নার্স নিয়োগ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, এসব নির্দেশনা বাস্তবায়ন হলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে এবং অনিয়ম কমে আসবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।
