মালয়েশিয়ার মেক্স হাইওয়েতে ‘মদ্যপ অবস্থায়’ থাকা এক সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি একজন তরুণ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মালয়েশিয়ার প্রচলিত আইনের অধীনে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন নিহত তরুণের পরিবারের সদস্যরা।
নিহত তরুণের নাম মুজাহিদ মিল্লাদ (২২)। তিনি বাংলাদেশের হবিগঞ্জের বাসিন্দা।
জানা যায়, স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবাকে নিয়ে পর্যটন-বিষয়ক ভিডিও তৈরির কাজে দ্বিতীয়বারের মতো মালয়েশিয়া গিয়েছিলেন মুজাহিদ। দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি দেশে পেশাদার ট্রাভেল ব্লগার হিসেবে বেশ পরিচিত ছিলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিহতের চাচা মহিবুল হাসান (৫০) জানান, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে ই-হেইলিং গাড়িতে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান মুজাহিদ।
কুয়ালালামপুর হাসপাতালের ফরেনসিক বিভাগে মহিবুল হাসান ক্ষোভ ও আক্ষেপ নিয়ে বলেন, ‘যদি মদ্যপই থাকে, তবে সে গাড়ি চালাচ্ছিল কেন? আইন অনুযায়ী এখন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়, আমি তা দেখতে চাই।’
কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও এনফোর্সমেন্ট বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক চালকের শ্বাস-প্রশ্বাসের পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি মিলেছে, যা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। অভিযুক্ত ব্যক্তি একজন সেনা কর্মকর্তা বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় মুজাহিদের স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাসহ ফোর্ড ফিয়েস্তায় থাকা আরেক নারী যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
