জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতীতে বিভিন্ন ব্যক্তিকে ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে যেসব সাংবাদিক ভূমিকা রেখেছেন, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাটোর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, “যারা আমাকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসেন সাঈদী-কে জঙ্গি বানিয়েছিল, সেইসব সাংবাদিকদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, অতীতে কিছু সাংবাদিক রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্র হননের মতো কাজ করেছেন। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি ‘ওয়ান ইলেভেন’ প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই সময়কার কিছু কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর ছিল এবং এসব বিষয়েও তদন্ত হওয়া উচিত।
হুইপ দুলু বলেন, “আমরা রাজনীতি করি দেশের জন্য। কিন্তু এমন এক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে আমাদের সন্তানরা ভয়ে রাজনীতি করতে সাহস পেত না।” তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সেই ভয় কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে।
এ সময় তিনি তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান-এর নেতৃত্বে চলমান রাজনৈতিক কার্যক্রমের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “যত ষড়যন্ত্রই হোক, আমরা চাই ভবিষ্যতে যেন কেউ এসব ষড়যন্ত্রের সুযোগ নিতে না পারে।”
