ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ময়লার ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে থানা শ্রমিক দলের এক নেতার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা ও স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার ( ১মে) বিকালে সাংবাদিকদের কাছে ভুক্তভোগী ইসমাইল হোসেন এ অভিযোগ করেন। এরআগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ভাদাইল পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইসমাইল হোসেন আশুলিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে জানা যায়, ইসমাইল হোসেনের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালায় ইদ্রিস আলী ভূঁইয়া ও তার ছেলে মেহেদী, সাগর, সবুজ, রনি, মুরাদ এবং আরিফ। হামলার আগে মুরাদ ও আরিফ মোবাইল ফোনে ইসমাইল হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে দাবি ভুক্তভোগীর।
ইসমাইল হোসেন বলেন,পূর্ব বিরোধের জেরে তারা আমার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। চাপাতি ও রামদা দিয়ে দরজায় আঘাত করে এবং ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে। এসময় নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী।
এদিকে অভিযুক্ত ইদ্রিস আলী ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অপর অভিযুক্ত মুরাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি অফিসের সামনে থেকে আসার সময় ইদ্রিস ভূঁইয়া আমাকে ডাক দেয়। পরে আমার মোবাইল ফোন নিয়ে সে ইসমাইলকে ফোন করে। সে কি বলেছে, তা আমি জানি না। হামলা বা ভাঙচুরের বিষয়েও আমি কিছু জানি না।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই ফাহিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
