মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

প্রতিযোগিতায় অংশ না নিয়েই ইবি শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে ৮০০ মিটার দৌঁড় প্রতিযোগিতায় প্রক্সি প্রতিযোগী অংশ নিয়ে প্রথম স্থান আধিকার করেছে। গত সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি এ প্রতিযোগিতায় অংশ নেন। পরদিন মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে প্রথম স্থান অর্জনকারী ওই প্রতিযোগীকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়।

এতে অন্যান্য ২১ টি বিশ্ববিদ্যালয় থেকে আসা খেলোয়াড়রা বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের কর্মকর্তা ও কিছু শিক্ষার্থীর যোগসাজশের অভিযোগ রয়েছে। শিক্ষার্থী ও অংশগ্রহণকারী প্রতিযোগিরা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, ৮০০ মিটার দৌঁড় ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাশরুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদ মহিবুল্লাহ দ্বিতীয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম তৃতীয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আহমেদ চতুর্থ স্থান অর্জন করেন। তবে প্রথম স্থান অর্জনকারী মাসরুরকে ঘিরে প্রক্সি বিতর্কের সৃষ্টি হয়। মাশরুর খেলায় অংশগ্রহণ করার কথা থাকলেও তিনি অংশ না নিয়ে তার জায়গায় আরেক প্রতিযোগিকে দিয়ে প্রথম স্থান দখল করেন। এখনও প্রক্সি দেওয়া ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ইবির খেলোয়াড়দের প্রশিক্ষক সাহেব আলীর ছাত্র বলেও অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য প্রতিযোগীদের দাবি, কর্তৃপক্ষ যাকে প্রথম স্থান অধিকারী (মাশরুর) হিসেবে ঘোষণা করেছে তাকে তারা মাঠে খেলায় অংশ নিতে দেখেননি। শিক্ষার্থীদের অভিযোগ, শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষক সাহেব আলীসহ ওই দফতরের কর্মকর্তা এবং কিছু শিক্ষার্থীর যোগসাজশে এ ঘটনা ঘটেছে।

মাসরুর রহমানের ছবি দেখালে দ্বিতীয় স্থান অধিকারী খালিদ মহিবুল্লাহ বলেন, ‘ছবির ব্যক্তি আর খেলায় অংশ নেওয়া ব্যক্তি এক নন। সংশ্লিষ্ট ব্যক্তিকে আমি প্রতিযোগিতায় অংশ নিতে দেখিনি। প্রকৃত বিজয়ীকে দেখলে অবশ্যই চিনতে পারতাম। এমন প্রতারণা আমরা প্রত্যাশা করিনি।’

চতুর্থ স্থান অধিকারী শাহরিয়ার আহমেদ বলেন, ‘যিনি প্রথম হয়েছেন তার শারীরিক গঠন ও ফিটনেস ভিন্ন ছিল, ছবির ব্যক্তির সঙ্গে কোনো মিল নেই।’ এদিকে বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মাসরুর রহমান বলেন, ‘৮০০ মিটার দৌঁড়ে আমি অংশ নেইনি। মাসরুর নামে আমার বিভাগের অন্য আরেকজন অংশ নিয়েছিল। এসময় আরেক মাসরুরের পরিচয় জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে ফোন কেটে দেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে খোঁজ নিয়ে তার বিভাগে মাশরুর নামের অন্য কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি।

ইবির খেলোয়াড়দের প্রশিক্ষক সাহেব আলী বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন। আমি একজন বাইরের ট্রেইনার। বিষয়টি কীভাবে ঘটেছে, তা আমি জানি না। ৮০০ মিটার দৌঁড় প্রতিযোগিতার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। যারা এন্ট্রি সম্পন্ন করেছেন, তারাই বিষয়টি ভালোভাবে বলতে পারবেন।’ শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের অজান্তেই ঘটেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং তাকে বাদ দিয়ে অন্যদের পুরস্কৃত করার প্রক্রিয়া চলমান রয়েছে।’

শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বাইরে অন্য কারও সম্পৃক্ততা থাকলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।