আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ উৎপাদন ৫,০০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে দেশের বিভিন্ন সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয়-সংক্রান্ত কার্য-অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত ৫,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা ও সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপন করতে বলা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ইতোমধ্যে ক্যাবিনেট বিভাগ থেকে দেওয়া হয়েছে এবং কাজটি দ্রুত সম্পন্ন করতে দুই থেকে তিন মাসের মধ্যে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, আশা করি, তারা সেই কাজটা দ্রুতেই হাতে নেবে, আর তা শুরু করতে পারলে আমাদের বিদ্যুতের অনেক সাশ্রয় হবে। ডিসি সম্মেলনে আমরা আমাদের জ্বালানি এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম।
জ্বালানি মন্ত্রী বলেন, কিছুদিন আগে যে একটি কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে জেলা প্রশাসকরা প্রো-অ্যাকটিভ রোল প্লে করেছে। তাদের সহযোগিতায় আমরা সেই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পেরেছি। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আমাদের বিদ্যুৎ এবং জ্বালানির যে পরিস্থিতি, সেটার সম্বন্ধে তাদের অবহিত করেছি এবং বলেছি, এই ব্যাপারে তাদের সহযোগিতা প্রয়োজন।
কুশল/সাএ