পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো বিতর্কে না গিয়ে সংবিধানের কথাই উল্লেখ করেন। শুভেন্দু বলেন, “সবকিছুই সংবিধানে উল্লেখ আছে, এ বিষয়ে আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই।”
এদিকে একই দিন কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানান, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না। তার দাবি, এই পরাজয় জনমতের প্রতিফলন নয়, বরং একটি বৃহৎ ষড়যন্ত্রের ফল।
তিনি বলেন, “আমি হারিনি, আমি পদত্যাগ করব না। সাংবিধানিক নিয়ম অনুযায়ী যা করার, তারা করতে পারে।”
মূলত মুখ্যমন্ত্রীর এই অনড় অবস্থানের প্রেক্ষিতে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী শুভেন্দু অধিকারীর কাছে জানতে চাইলে তিনি সংযত কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দেন।
উল্লেখ্য, ২০২৬-এর এই নির্বাচনে এক ঐতিহাসিক পটপরিবর্তন সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।
অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে থিতু হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ এলাকা ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।
সূত্র: এনডিটিভি।
কুশল/সাএ