বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ২০২৪ সালের মার্চে ঘোষিত এই কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি এবং নাসির উদ্দীন নাসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। দুই বছর পূর্ণ হওয়ায় কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সংগঠনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি যোগ্য, ত্যাগী ও তরুণ নেতাদের হাতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব দিতে আগ্রহী।
এই লক্ষ্যে আগামী ৯ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন-এ অনুষ্ঠিতব্য এই সভায় তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
নেতারা জানিয়েছেন, বর্তমান কমিটির ‘সুপার ফাইভ’-এ থাকা শীর্ষ নেতাদের নতুন কমিটিতে রাখা হবে কি না, তা নিয়ে জোর আলোচনা চলছে। তাদের বাদ দেওয়া হলে দীর্ঘদিন বঞ্চিত নেতাদের সামনে নেতৃত্বে আসার সুযোগ তৈরি হতে পারে, যা সংগঠনে নতুন গতি আনবে বলে মনে করছেন অনেকে।
এদিকে ছাত্রদলের শীর্ষ পদে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- শ্যামল মালুম, আবু রাফসান মো. ইয়াহিয়া, আমান উল্লাহ আমান, মো. খোরশেদ আলম সোহেল, সালেহ মো. আদনান, এসএম আবু জাফর, শরীফ প্রধান শুভ, মনজুরুল আলম রিয়াদ, ইজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, কাজী জিয়া উদ্দিন বাসিত, আজিজুল হক জিয়ন, ডা. আউয়ালসহ আরও অনেকে।