যুদ্ধ বন্ধের পথে যুক্তরাষ্ট্র-ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উপসাগরীয় যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারকের বিষয়ে দুই দেশ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।
সূত্রটি জানায়, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-তে প্রকাশিত প্রতিবেদনটি সঠিক। যেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য এক পৃষ্ঠার একটি মেমোরেন্ডাম নিয়ে আলোচনা চলছে।
সূত্রটি আরও জানায়, আমরা খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করব। আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি।
সম্ভাব্য এই চুক্তির খবরে বিশ্ববাজারে বড় প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ কমে গেছে-ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল প্রায় ১০০ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে বিশ্ব শেয়ারবাজারে উত্থান দেখা গেছে এবং বন্ডের সুদের হার কমেছে। কারণ, যুদ্ধ শেষ হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
তবে এ বিষয়ে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ইরানের কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস আরও জানায়, হোয়াইট হাউস মনে করছে যে তারা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছে গেছে।