খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ইসলামপুর এলাকায় একটি স’ মিলের সামনে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, সাংগঠনিক কাজে বের হওয়ার পর ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা ইমনকে গুলি করে হত্যা করেছে।
তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)–এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। তবে নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না এবং কারা হত্যাকাণ্ডে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।