শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

​সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল বলেছেন, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অর্জিত দক্ষতা কেবল ব্যক্তিগত উন্নয়নের জন্য নয় বরং সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক কাজে প্রয়োগ করতে হবে।

তিনি শিশু সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানান।​আজ শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক ফলোআপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ শিশু তহবিল “ইউনিসেফ” এর অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ এই কর্মশালার আয়োজন করে।

ক্ষুদে সাংবাদিকদের উদ্দেশ্যে সমর কুমার পাল বলেন, প্রশিক্ষণ থেকে তোমরা যে দক্ষতা অর্জন করছ তা অত্যন্ত মূল্যবান। আমি আশা করি এই কর্মশালা থেকে তোমরা ভালো কিছু শিখবে এবং তা প্রয়োগ করবে। তবে মনে রাখতে হবে সাংবাদিকতার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনা ও দক্ষতার সঠিক সমন্বয়ই তোমাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।

সুনামগঞ্জের সাংবাদিকতার ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সুনামগঞ্জে সবসময় ইতিবাচক সাংবাদিকতা চর্চা হয়। তোমরাও যেন সত্যনিষ্ঠ থেকে সমাজের গঠনমূলক দিকগুলো সবার সামনে নিয়ে আসো। শিশুরা কীভাবে সংবাদ তৈরি করে এবং তাদের চিন্তাভাবনা কেমন তা দেখার বিশেষ আগ্রহ থেকেই আমি আজ এখানে এসেছি।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র। দিনব্যাপী এই বিশেষ সেশনে প্রশিক্ষণ প্রদান করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের তনুশ্রী বিশ্বাস।

​আয়োজক সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অংশ নেওয়া ২০ জন শিশুর মধ্যে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে ১০ জনকে চূড়ান্তভাবে এই একদিনের ফলোআপ কর্মশালার জন্য বাছাই করা হয়। কর্মশালায় সংবাদ সংগ্রহ, লিখন কৌশল এবং সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ে আলোকপাত করা হয়।

​সমাপনী বক্তব্যে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, ইউনিসেফ ও হ্যালোর এই উদ্যোগের ফলে সুনামগঞ্জ থেকে একদল সচেতন ও দক্ষ শিশু সাংবাদিক তৈরি হবে যারা শিশুদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।