শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

আজ শুক্রবার সকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে গোপাল চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেলিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোর রাতে তিনজন ব্যক্তি সিঁধ কেটে গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করেন। পরিবারের দাবি, তারা ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালংকার এবং গৃহবধূর পরনে থাকা গয়নাও নিয়ে যায়।

গৃহবধূ পূর্ণিমা সাহা জানান, চোরেরা পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পলাতক দুইজনকে ধরতে অভিযান শুরু হয়েছে।
অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, “এ ঘটনায় কেউ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। অভিযোগ না এলে পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে কোনো মামলা দায়ের করা হবে না।”

সচেতন মহলের প্রশ্ন, গণপিটুনিতে মৃত্যুর মতো ঘটনায় পুলিশ কেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করবে না। আইন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১৪৯ ধারায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে। উচ্চ আদালতও একাধিক পর্যবেক্ষণে বলেছেন, “মব জাস্টিস বা গণপিটুনির কোনো বৈধতা আইনে নেই।”

স্থানীয়দের একটি অংশ দাবি করেছে, এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ছিল।

মানবাধিকারকর্মী কেজিএম ফারুক বলেন, অপরাধ দমনের দায়িত্ব রাষ্ট্রের, জনতার নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করতে পারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।