নীলফামারী জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনালে ফুটবল বালক বিভাগে কিশোরগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় নীলফমারী সদর বালক দলকে পরাজিত করে কিশোরগঞ্জ বালক দল এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কিশোরগঞ্জ বালক দলটি ফুটবল খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগ পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের টিকিট অর্জন করায় দলটিকে উপজেলা প্রশাসনসহ কিশোরগঞ্জবাসী অভিনন্দন জানিয়েছেন। নীলফামারী জেলা স্টেডিয়াম মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (৮ মে) বিকালে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম। জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কিশোরগঞ্জ বালক ফুটবল দল নীলফামারী সদর উপজেলা বালক ফুটবল দলকে ট্রাইব্রেকারে ৫-৬ গোলে পরাজিত করে। পরে সকল বিভাগে বিজয়ীদের মাঝে মেডেল, ক্রেষ্ট, সনদপত্র ও ট্রফি প্রদান করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। এর আগে ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ এ ¯েøাগান নিয়ে ২ মে দেশব্যাপি নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম শুরু হয়। সূত্র জানায়, ১২-১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে দেশব্যাপি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফুটবল, ক্রিকেট, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, কাবাডি, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট ইভেন্টে কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেছে। বিভাগ ওয়ারী দলগুলোর জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ ও তৃণমূল পর্যায় হতে মেধাবী খেলোয়ার খুঁজে বের করতে এ প্রশংসিত উদ্যোগ গ্রহণ করেছে। জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগ পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের দলটি বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। আমিসহ কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা বালক ফুটবল দলটি বিভাগ পর্যায় খেলায় তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বলে আশাবাদি।