বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে এক রাতেই দুইটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিয়নের চকরশি গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা পরিকল্পিতভাবে বাড়ির সদস্যদের ঘরের দরজা বাহির থেকে আটকে রেখে ভ্যানগুলো নিয়ে চম্পট দেয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরশি গ্রামের আজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের একটি অটোভ্যান ভাড়ায় চালাতেন একই গ্রামের ইসমাইল হোসেন। বৃহস্পতিবার কাজ শেষে রাতে ইসমাইল হোসেন ভ্যানটি নিজ বাড়িতে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ঘরের দরজা বাহির থেকে লাগানো। তার চিৎকার শুনে পাশের আরও তিনটি কক্ষের সদস্যরা বের হওয়ার চেষ্টা করলে তারা দেখেন তাদের দরজাও বাহির থেকে আটকে দেওয়া হয়েছে।
পরবর্তীতে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করলে দেখা যায়, বাড়ির উঠানে রাখা ব্যাটারিচালিত অটোভ্যানটি চুরি হয়ে গেছে। একই রাতে ওই গ্রামের সজিব হোসেনের বাড়ি থেকেও একইভাবে একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরির খবর পাওয়া গেছে। একই কায়দায় একই গ্রাম থেকে দুটি ভ্যান চুরি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। চোরদের শনাক্ত করতে এবং চুরি হওয়া অটোভ্যানগুলো উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।