পুলিশ বাহিনীকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী সংস্থা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে তাদের যৌক্তিক দাবি-দাওয়া বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তবতা বিবেচনা করে পুলিশের ন্যায্য চাহিদাগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।
তিনি আরও জানান, পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে অতিরিক্ত সময় দায়িত্ব পালন করা সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা চালুর বিষয়টি সরকার ভাবছে। এতে ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের সদস্যরা অন্তর্ভুক্ত থাকতে পারেন। এই উদ্যোগ পুলিশের মনোবল ও সেবার মান বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার (১০ মে) থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ তিনি এসব কথা বলেন। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও কাজের চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে। পাশাপাশি আরও উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।
মন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ অডিটরিয়ামে কল্যাণ সভায় যোগ দেন।
কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নানা দাবি-দাওয়ার বিষয়ে কথা বলেন।
কুশল/সাএ