সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নীরব আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক জন আহত হয়েছেন। নিহত নীরব ও আহত সাকিবুল দু’জনেই আক্তাপাড়া মাদ্রাসার ছাত্র।
নিহত নীরব উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের সৌদিআরব প্রবাসী তাজুল ইসলাম ওরফে তাদির আহমদের ছেলে এবং আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। সোমবার বিকালে উপজেলার পাগলা-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া সিচনীর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতের চাচাতো ভাই সাকিবুল ইসলাম (১৫) গুরুতর আহত হলে তাঁকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। আহত সাকিবুল একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, আক্তাপাড়া মিনাবাজার থেকে পাগলা বাজারে সবজি কেনার উদ্দেশ্যে জিক্সার মোটরসাইকেল নিয়ে রওনা হয়েছিলেন নীরব ও সাকিবুল। পথে শান্তিগঞ্জ-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া সিচনীর মধ্যবর্তী স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নীরব আহমেদের মৃত্যু হয়।
গুরুত্বর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কৈতক ৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট পাঠানো হয়। আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মঈনুল হক জানান, নিহত নীরব মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।